ঢাকা, রবিবার   ২৬ এপ্রিল ২০২৬

বন্দুকধারী গ্রেপ্তার, তার কাছে একাধিক অস্ত্র ছিল: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ২৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে একটি নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। 

শনিবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,  মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু ‘অত্যন্ত সাহসী’ সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

অনুষ্ঠানটি সম্পর্কে ট্রাম্প বলেন, এটি ছিল বাকস্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা।

ওয়াশিংটনের যে হোটেলে (ওয়াশিংটন হিলটন হোটেল) এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল, সেটি ‘বিশেষভাবে নিরাপদ’ নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা আজ রাতে ঘটে যাওয়া সব পরিস্থিতি পর্যালোচনা করেছি, এবং আমি বলব, এটি খুব বেশি নিরাপদ একটি ভবন নয়।’

ঘটনার বিবরণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালান। পরে সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য তাঁকে নিষ্ক্রিয় করেন।

ট্রাম্প বলেন, এই ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। কারণ তিনি খুব ভালো বুলেটপ্রুফ ভেস্ট পরেছিলেন।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন হিলটন হোটেলের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। এই সন্দেহভাজন ‘খুবই অসুস্থ মানসিকতার মানুষ’ বলে বর্ণনা করেন তিনি।

এর আগে সাংবাদিকদের জন্য ওয়াশিংটন হিলটন হোটেল জাঁকজমকপূর্ণ আয়োজনে হঠাৎ বিকট শব্দ শোনা গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদে সরিয়ে নেয়। একই সঙ্গে অতিথিদেরও নিরাপদ স্থানে নেওয়া হয়।

ঘটনার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অনুষ্ঠান চালিয়ে যেতে চাইলেও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলা হবে।

ঘটনাস্থলে থাকা এক নিরাপত্তাকর্মীর বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২ হাজার ৬০০ অতিথির অনেকেই নিরাপত্তার জন্য টেবিলের নিচে আশ্রয় নেন, পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি