বাংলাদেশি নাগরিককে সীমান্ত পার হতে সহায়তা, গ্রেপ্তার ভারতীয় সেনা
প্রকাশিত : ১৬:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি দুই নাগরিককে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশে সহায়তার অভিযোগে এক ভারতীয় সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। একই ঘটনায় গোপালগঞ্জের দুই বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ডাহারকান্ডে সীমান্তে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার বাংলাদেশি দুই নাগরিক হলেন জয় বাড়ুই ও বৈশাখী বাড়ুই। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের যোধপুরে কর্মরত ওই ভারতীয় সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার মোগড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সেনাসদস্য বিথারী-হাকিমপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশিকে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ডাহারকান্ডে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন জয় ও বৈশাখী। এ সময় দায়িত্ব পালনরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের স্বরূপনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে দুই বাংলাদেশি ওই সেনাসদস্যের সম্পৃক্ততার তথ্য দেন। এরপর তদন্তের ভিত্তিতে তাকেও গ্রেপ্তার করা হয়। বুধবার তিন অভিযুক্তকে উত্তর ২৪ পরগনার বসিরহাট আদালতে হাজির করা হয়েছে।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা করা হয়েছে। সীমান্ত পারাপারের ঘটনায় কোনো মানবপাচারকারী চক্র বা অন্য কোনো সংঘবদ্ধ নেটওয়ার্ক জড়িত কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
এমএইচ
আরও পড়ুন










