ঢাকা, বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬

মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা, বাড়ছে হামলার শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের কয়েকটি এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় স্বল্প সময়ের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জাতীয় আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে এসব বার্তা পাঠায়।

সতর্কতার আওতায় মক্কা ছাড়াও লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু গভর্নরেট, তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চল ছিল। সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে বাসিন্দাদের সতর্ক করতেই এসব বার্তা দেওয়া হয়। তবে সতর্কতা জারির কয়েক মিনিট পরই তা প্রত্যাহার করা হয়।

সৌদি আরবে সাধারণত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কা দেখা দিলে আগাম সতর্কতা ব্যবস্থা সক্রিয় করা হয়। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বাড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছিল, হুথিরা মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। সৌদি বাহিনী সেই ড্রোন ভূপাতিত করার কথা জানায়। তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথি গোষ্ঠী।

এরপর সৌদি রাজধানী রিয়াদেও হামলার ঘটনা ঘটে। কয়েক বছরের মধ্যে এটিকে হুথিদের চালানো বড় ধরনের হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

২০১৫ সাল থেকে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে দেশটির বড় একটি অংশ নিয়ন্ত্রণে রেখেছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়েছে।

চলতি মাসের শুরুতে হুথিরা সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখল করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এর ফলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি এলাকাতেও তাদের নিয়ন্ত্রণ বেড়েছে।

ইয়েমেন ঘিরে উত্তেজনার প্রভাব আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনেও পড়ছে। সৌদি আরব বিশ্বের অন্যতম বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক হওয়ায় দেশটির নিরাপত্তা পরিস্থিতির যেকোনো অবনতি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থায় উদ্বেগ তৈরি করতে পারে।

এদিকে হুথিদের সঙ্গে সৌদি আরবের পুরোনো সংঘাত নতুন করে সক্রিয় হওয়ায় লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়েও আশঙ্কা বাড়ছে।

সূত্র: এএফপি


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি