ঢাকা, সোমবার   ৩১ আগস্ট ২০২৬

মক্কা চুক্তির প্রথম বৈঠক তুরস্কে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ৩১ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে প্রথম কমিটির বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা ইস্তাম্বুলে জড়ো হবেন বলে আশা করা হচ্ছে।

আলোচনায় আন্তর্জাতিক নিরাপত্তা এবং তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার উপায়গুলো গুরুত্ব পাবে।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের পাশাপাশি সেনাবাহিনীর চিফ অব স্টাফরাও ইস্তাম্বুলের এই বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

গত ৭ আগস্ট পবিত্র মক্কা নগরীতে তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করার কয়েক সপ্তাহ পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। চুক্তিটি আরও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো হিসেবে প্রতিষ্ঠা করেছে। এতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিনটি দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আঙ্কারা জানিয়েছে, তিন দেশ তাদের সহযোগিতা সমন্বয়ের জন্য বিভিন্ন ব্যবস্থা গড়ে তুলবে, যার মধ্যে যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতাও থাকবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই চুক্তিকে প্রযুক্তিগত দিক থেকে ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে তুলনীয় বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, পাকিস্তান জোর দিয়ে বলেছে যে চুক্তিটি প্রতিরক্ষামূলক প্রকৃতির এবং এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি