ঢাকা, বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬

মডার্ন ট্রেডে নেতৃত্বের পথে রিমার্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশে দ্রুত সম্প্রসারিত হচ্ছে মডার্ন ট্রেড বা সুপারশপভিত্তিক খুচরা বাজার। এই বাজারে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়কেন্দ্রে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের সরবরাহ ও প্রদর্শন বাড়ছে।

রিমার্কের লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল ও স্কিন মিন্টসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্তমানে মডার্ন ট্রেড চ্যানেলে বিক্রি হচ্ছে। ব্যক্তিগত পরিচর্যা, স্কিন কেয়ার, হোম কেয়ার, হেয়ার কেয়ার ও কসমেটিকস—বিভিন্ন শ্রেণির পণ্য নিয়ে এই বাজারে নিজেদের পরিসর সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে লিলি বডিওয়াশকে অন্যতম বিক্রিত পণ্য হিসেবে উল্লেখ করেছে রিমার্ক।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভোক্তাদের কেনাকাটার ধরন বদলে যাওয়ায় দেশে সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থার বিস্তার ঘটছে। এসব বিক্রয়কেন্দ্রে পণ্যের বৈচিত্র্য, মান, ব্র্যান্ডের পরিচিতি এবং সহজলভ্যতা ক্রেতাদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। ফলে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য মডার্ন ট্রেডে নিজেদের ব্র্যান্ডের উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেল সূত্রে জানা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে বিক্রয় কার্যক্রমে প্রবৃদ্ধি হয়েছে। চ্যানেলের হেড অব সেলস হেলাল উদ্দিন বলেন, এই অগ্রগতি পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাঁর ভাষ্য, পণ্যের মান ও নির্ভরযোগ্যতার মাধ্যমে দীর্ঘমেয়াদে ক্রেতাদের আস্থা অর্জন করাই তাঁদের অন্যতম লক্ষ্য।

হেলাল উদ্দিন বলেন, চলতি বছরের নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি তা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এ জন্য মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করার পাশাপাশি সুপারশপগুলোতে পণ্যের উপস্থিতি ও প্রদর্শন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের কর্মকর্তারা জানান, বিভিন্ন সুপারশপে প্রতিষ্ঠানটির পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। তাঁদের মতে, নিয়মিত ক্রেতা তৈরি হওয়া এবং বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি বিক্রয় কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করছে।

রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের আওতায় স্বপ্ন, আগোরা, মিনাবাজার, ইউনিমার্ট, বেস্টবাই, প্রিন্সবাজার, আলফা মার্ট, মুস্তফা মার্ট ও আপন ফ্যামিলি মার্টসহ বিভিন্ন সুপারশপে প্রতিষ্ঠানটির পণ্য বিক্রি হচ্ছে। এসব বিক্রয়কেন্দ্রে নির্ধারিত স্থানে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করা হচ্ছে।

দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রিমার্কের তৈরি পণ্য যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানি ও বাজারজাত করা হচ্ছে।

রিমার্কের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উৎপাদন ও গুণগত মান নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের হালাল ও সিজিএমপি সার্টিফিকেশন অর্জন করেছে। ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ও পেয়েছে প্রতিষ্ঠানটি।

মডার্ন ট্রেড চ্যানেলের বিক্রয় কার্যক্রম, প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বুধবার রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় সেলস মিট আয়োজন করে রিমার্ক। এতে চ্যানেলের দুই শতাধিক কী-অ্যাকাউন্টস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার ও ব্র্যান্ড প্রোমোটর অংশ নেন।

সভায় বিক্রয় কার্যক্রমের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মীদের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে মডার্ন ট্রেডের হেড অব সেলস হেলাল উদ্দিন, কী-অ্যাকাউন্টস ম্যানেজার ইয়ামিন শিকদার ও সাইফুল ইসলাম, অপারেশন ম্যানেজার রাশেদুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাহারুন নেসা লিজা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিক্রয় কার্যক্রমের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন কুমিল্লা স্মার্ট বিগ বাজারের হাফসা আক্তার, গাজীপুরের মাওনা স্বপ্নের ফারহানা আক্তার, নারায়ণগঞ্জ বন্দরের স্বপ্নের শ্রাবণী সাহা, ঢাকার মিরপুর রিংরোড স্বপ্নের সুমাইয়া ইসলাম মিতু এবং বগুড়া মালতিনগর স্বপ্নের হালিমা খাতুন নদী।

সম্মাননা পাওয়া ব্র্যান্ড প্রোমোটর শ্রাবণী সাহা বলেন, ক্রেতারা কোনো পণ্য ব্যবহারের পর ইতিবাচক অভিজ্ঞতা জানালে সেটি তাঁদের কাজের জন্য উৎসাহ তৈরি করে। তাঁর দাবি, রিমার্কের পণ্য প্রথমবার কেনার পর অনেক ক্রেতাকে পরবর্তী সময়ে আবার কিনতে দেখা গেছে। ক্রেতাদের সন্তুষ্টি তাঁদের কাজের অন্যতম প্রেরণা বলেও জানান তিনি।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি