ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬

মমতার বাড়ির সামনে বিজেপির কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফল ও প্রবণতা থেকে এমন স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যখন পরাজয়ের মুখে, তখন বিজেপির কর্মীরা রাজ্যের রাস্তায় নিজেদের উপস্থিতি জোরালোভাবে প্রকাশ করতে শুরু করেছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফলাফলের এই প্রবণতার মধ্যে কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপির কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন।

এদিকে ভোট গণনার মধ্যেই এক ভিডিও বার্তায় বিজেপিকে হুঙ্কার দিয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলছেন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব। 

ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি প্রথমবারের মতো বাংলায় ক্ষমতায় আসার দিকে এগোচ্ছে।’

তিনি বলেন, ‘তারা প্রথমে নিজেদের ফলাফল দেখাবে... এটা বিজেপির পরিকল্পনা। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।’

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ইতিমধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৪৮টি আসনের গণ্ডি পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিজেপি ১৯০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে, যেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০০টির নিচে নেমে এসেছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি