মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তে সরকার উদ্যোগ নিয়েছে: আমান উল্লাহ আমান
প্রকাশিত : ২৩:১৪, ২৬ জুন ২০২৬ | আপডেট: ২৩:১৬, ২৬ জুন ২০২৬
মালয়েশিয়ায় আটক ও অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের বৈধকরণ এবং দেশটির শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
শুক্রবার (২৬ জুন) দুপুরে সাভারের আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল, বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং নতুন করে শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। একই সঙ্গে সেখানে আটক ও অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার উদ্যোগও নেওয়া হয়েছে।
এ সময় তিনি মাদকসেবী ও মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "এ অঞ্চলে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। মাদক-সংশ্লিষ্ট যে-ই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এ ধরনের কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না; সবার আগে তাকেই আইনের আওতায় আনা হবে।"
তিনি আরও বলেন, সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় আগামী দিনে এ অঞ্চলকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠান শেষে তিনি দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল এবং কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বীজ বিতরণ করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










