ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

ময়মনসিংহে চলাচলের অনুপযোগী ৩ কিলোমিটার সড়ক (ভিডিও)

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:১২, ৮ মে ২০২১

Ekushey Television Ltd.

চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে ময়মনসিংহ ব্রহ্মপুত্র ব্রিজ থেকে শম্ভুগঞ্জ মোড় পর্যন্ত সড়কটি। খানাখন্দের কারণে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে দুর্ভোগও। কর্তৃপক্ষ বলছেন, মেরামতের কাজ দ্রুত করার চেষ্টা চলছে।

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ব্রহ্মপুত্র ব্রিজ থেকে শম্ভুগঞ্জ মোড় পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি। খানাখন্দে ভরা এই সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। ঈদের আগেই সড়ক মেরামতের দাবি তাদের।

যাত্রীরা জানান, গাড়িঘোড়া চলে না, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। রাস্তা অনেক ভাঙ্গা, খুব সমস্যা হয়। আমরা সুস্থ মানুষ যেতে পারছি না, কেন যে সরকার দেখছে না। আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন।

সড়কের মাঝখানে অসংখ্য গর্ত। চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন পথচারীরা।

গাড়ীর মালিক ও ড্রাইভাররা জানান, প্রতিনিয়ত গাড়ীর যন্ত্রাংশ ভেঙ্গে যাচ্ছে। গর্তের কারণে মালামাল নিয়ে চালানো যাচ্ছে না। ঝাক্কি খেতে খেতে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এর সঙ্গে প্রচুর ধূলামালি তো আছেই।

ঈদের আগে মেরামত করা না হলে যানজট নিয়ন্ত্রণে হিমশিমে পড়ার কথা জানান ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। ৮৪ কোটি টাকা ব্যয়ে সড়কটি ফোর লেনে উন্নীত করার জন্য দরপত্র আহ্বানসহ ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে, বলছে সড়ক বিভাগ।  

ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াহেদুজ্জামান বলেন, ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়ে গেছে, টেন্ডার অনুযায়ী ও ডিজাইন অনুযায়ী করবে তখন এটার চিরস্থায়ী সমস্যার সমাধান হয়ে যাবে।

ময়মনসিংহের ট্রাফিক সার্জেন্ট সুব্রত আচার্য্য বলেন, এই রাস্তাটি যদি সংস্কার করা না হয়, বর্তমানে যে অবস্থায় তাতে যদি বৃষ্টি হয় বা অন্য কোন প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে রাস্তা সচল রাখা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। 

শুধু আশ্বাস নয়, দ্রুত সড়ক সংস্কারে দাবি চালক ও যাত্রীদের।
দেখুন ভিডিও :


এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি