যশোরে উৎসাহ উদ্দীপনায় বড়দিন পালিত
প্রকাশিত : ২৩:২৭, ২৫ ডিসেম্বর ২০১৯
যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নেচে-গেয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। অনুষ্ঠান মিলন মেলায় রুপ নেয়।
দিবসটি উপলক্ষে ফুল, রঙিন কাগজ আর আলোয় আলোয় সাজানো হয় মনোরম সাজে। ক্রিসমাস ট্রিতে ঝোলানো হয় আলোর মালা। বানানো হয় খ্রিস্টের জন্মের ঘটনার প্রতীক গোশালা। সেই সঙ্গে কাটা হয় বড় দিনের কেক। চলে প্রার্থনা ও গীত। বুধবার বড়দিন হলেও মঙ্গলবার রাত থেকেই উৎসবে মেতে ওঠেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
যশোরের শার্শা উলাশি ও বাগআঁচড়া পাশ্ববর্তী পাড়াসহ এলাকার সবচেয়ে প্রাচীনতম ঝিকরগাছার জগনন্দকাঠি বাকুড়া গ্রামের যীশুর পবিত্র জগৎ ত্রাতার গির্জায় বুধবার সকালে বড়দিন উদযাপন উপলক্ষে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনাসহ নানা আয়োজন করা হয়। স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ৩০টি পরিবারের প্রায় তিন শতাধিক নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশ নেন। তিনদিন চলবে অনুষ্ঠান।
এ উপলক্ষে গীর্জায় খ্রিষ্টান ধর্মের নানা বিষয় নিয়ে আলোচনা করেন ফাদার ডোমেনিক সরকার। এসময় উপস্থিত ছিলেন, প্রদীপ সরকার, প্রতাপ সরকার, রনজিৎ সরকার ও পরিতোষ মালি। এ সময় যীশু খ্রিষ্টের জীবনী নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন তারা। পরে প্রসাদ বিতরণ, কীর্তন পরিবেশন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করেন গির্জার ফাদার ডোমেনিক সরকার।
প্রতাপ সরকার বলেন, জগনন্দকাঠি বাকুড়া গ্রামে যীশুর পবিত্র জগৎ ত্রাতার এই গির্জাটি ফাদার আন্তনিও মারিয়েন্তি পিমে ১৮৫৫ সালে প্রতিষ্ঠা করেন। আনন্দ-উৎসব এবং নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় শার্শায় খ্রিস্টান সম্প্রদায় পালন করেছে এই বিশেষ দিনটি। এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে তার আগমন ঘটেছিল।
এদিকে দিনটি উপলক্ষে শার্শা উপজেলার উলাশী খ্রিষ্টান মিশনে উপস্থিত থেকে খ্রিষ্টান সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা থানার ওসি আতাউর রহমান প্রমূখ।
কেআই/এসি
আরও পড়ুন










