ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। তবে, শুধুমাত্র ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার জন্য ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তারা ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার এ ব্যাপারে একটি ভিডিও বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি অবশ্য জানিয়েছেন যুদ্ধে প্রত্যক্ষ বা সরাসরি যুক্ত হবেন না তারা।

নিজেদের অবস্থান পরিস্কার করে এক বিবৃতিতে স্টারমার বলেন, “যুক্তরাজ্য আঞ্চলিক মিত্রদের অনুরোধে তাদের সম্মিলিত আত্মরক্ষার অংশ হিসেবে পদক্ষেপ নিচ্ছে।”

মধ্যপ্রাচ্যে থাকা দুই লাখ ব্রিটিশ নাগরিককে ইরান লক্ষ্যবস্তু করছে দাবি করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, “হুমকি বন্ধ করার একমাত্র উপায় হলো ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের সংরক্ষণাগারেই অথবা যেসব উৎক্ষেপণযন্ত্র থেকে সেগুলো ছোঁড়া হয়, সেগুলো ধ্বংস করা। ওই নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশে যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি চেয়েছে।”

“আমরা অনুরোধটি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি— যাতে ইরানের অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ছোঁড়া বন্ধ করা যায়। নিরাপরাধ নাগরিকদের মৃত্যু ঠেকানো যায়। ব্রিটিশ জীবনগুলো ঝুঁকিতে না পড়ে এবং এমন দেশগুলোকে আঘাত না লাগে যেগুলো এতে জড়িত ছিল না,” যোগ করেন তিনি।

স্টারমার দাবি করেন, “সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে ছিল এবং সেগুলো ইতোমধ্যে সফলভাবে ইরানি হামলা প্রতিহত করেছে।”

এদিকে, এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য বলছে, “আমরা আমাদের স্বার্থ এবং অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থ রক্ষা করতে পদক্ষেপ নেবো। প্রতিরক্ষামূলক পদক্ষেপের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতাকে তার উৎসে ধ্বংস করার উদ্দেশে পদক্ষেপ নেওয়া হবে।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি