শীতবস্ত্রের অভাবে বিপাকে চরাঞ্চলের হতদরিদ্ররা (ভিডিও)
প্রকাশিত : ১২:৫৬, ১২ ডিসেম্বর ২০২০
কনকনে শীত আর ঘন কুয়াশায় উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত হচ্ছে। শীতবস্ত্রের অভাবে বিপাকে চরাঞ্চলের হতদরিদ্ররা। বেশি বিপদে খেটে খাওয়া মানুষ, শিশু আর বৃদ্ধরা। উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। সাথে আছে হিমেল বাতাস।
কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা রংপুর। দুপুরেও দেখা মিলে না সূর্যের। হিমেল হাওয়ায় বেড়েছে শীত। দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সহায়-সম্বলহীন হতদরিদ্ররা পড়েছেন বিপাকে।
এলাকাবাসীরা জানান, অতিরিক্ত ঠাণ্ডা পড়েছে, সে ঠাণ্ডায় খুবই কষ্ট হচ্ছে। কাপড়-চোপড় গায় দিলেও ঠাণ্ডা যাচ্ছে না। বাচ্চাকাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি।
সিরাজগঞ্জেও ক’দিন ধরে সূর্যের দেখা মিলছে না। শীত বস্ত্রের অভাবে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ।
স্থানীয়রা জানান, গেলো বারের চেয়ে আরও বেশি শীত পরেছে এবার। শীতের কম্বল বা গরম কাপড় তো আমরা পাই না, কেনার মতোও সামর্থ্য নাই।
ঠাণ্ডায় কাহিল গাইবান্ধার খেটে খাওয়া মানুষ। কাজ করতে না পেরে অনেক শ্রমিক শহরমুখী হচ্ছেন। বেশি বিপাকে নদী তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাসকারী হতদরিদ্ররা।
চুয়াডাঙ্গায় তিন দিন ধরে বিকেল থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। দিনে তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও কমে যায় রাতে।
তাপমাত্রার ওঠানামায় শিশু ও বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পুরনো কাপড়ের দোকানে ভিড় বেড়েছে নিম্নআয়ের মানুষের।
ভিডিও-
এএইচ/
আরও পড়ুন










