ঢাকা, সোমবার   ০৮ জুন ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ৮ জুন ২০২৬

Ekushey Television Ltd.

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। 

ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজি শায়রুল হাসান। আর এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার।

সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক—উভয় পদেই তাদের যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী আবেদুর রহমান সিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে। এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমে গতি আসবে এবং ব্যাংকটির সার্বিক ব্যবস্থাপনা ও সুশাসন আরও শক্তিশালী হবে। বিশেষ করে ব্যাংকটির ব্যবসায়িক সম্প্রসারণ, আমানত ও বিনিয়োগ কার্যক্রম এবং গ্রাহকসেবার মানোন্নয়নে নতুন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের ইসলামি ধারার ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি আর্থিক প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি