ঢাকা, বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬

সিরিয়ার ইদলিবে অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ, নিহত ১৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার (৯সেপ্টেম্বর) ইদলিবের বুর্জ এলনুমরা গ্রামে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর গুদামে আগুন ধরে যায়। কয়েক ঘণ্টা ধরে ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও রয়েছেন।

বিস্ফোরণের খবর পাওয়ার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তবে পরপর আরও বিস্ফোরণ ঘটায় অগ্নিনির্বাপক দলগুলোর জন্য আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কি না, তা দেখতে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের কথাও জানিয়েছেন এপির একজন আলোকচিত্রী।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ধ্বংস হওয়া গুদামটি ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা গণ-অভ্যুত্থান ও গৃহযুদ্ধের সময়কার অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণে ব্যবহৃত হতো।

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সিরিয়ায় বিভিন্ন স্থানে অবিস্ফোরিত গোলাবারুদ ও পরিত্যক্ত অস্ত্রের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় গোলাবারুদবাহী একটি গাড়িতে বিস্ফোরণে পাঁচজন নিহত হন। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছিলেন বলে জানিয়েছিল সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

সূত্র: আল জাজিরা


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি