সীমান্ত বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের কার্যক্রম চালু
প্রকাশিত : ১৫:১৮, ২৭ এপ্রিল ২০২১
করোনার সংক্রমণ রোধে ১৪ দিন ভারত-বাংলাদেশের সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি রফতানির বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। করোনার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে গত বছরের মার্চ মাস থেকে দু’দেশের মাঝে যাত্রী পারাপার বন্ধ রয়েছে।
ভারতের বিধানসভা নির্বাচনের কারণে গতকাল সোমবার একদিন বন্ধের পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে আমদানি রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম চালু হয়।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ভারতে করোনার সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় গতকাল সোমবার থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে সীমান্ত বন্ধের নির্দেশনার প্রভাব বন্দরের আমদানি রফতানি বাণিজ্যে পড়েনি। স্বাস্থ্যবিধির সকল নির্দেশনা মেনে কার্যক্রম চলছে।
ভারতীয় পণ্যবাহী ট্রাক সীমান্তে ও বন্দরে প্রবেশের সময় দুদফায় জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। একইসাথে এর চালক ও হেলপারদের স্যানিটাইজড ও তাপমাত্রা পরিমাপ করে বন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একইভাবে বাংলা ট্রাককেও বন্দরে প্রবেশের সময় জীবানুনাশক স্প্রে ও তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।
এছাড়া বন্দরে কর্মরত শ্রমিকদের প্রবেশের ক্ষেত্রে সকলের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। একইসাথে শ্রমিকদের কাজের ক্ষেত্রে সকলের মাস্ক পড়া নিশ্চিত করা হয়েছে।
এএইচ/এসএ/
আরও পড়ুন










