ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, টানা ৭ দফায় কমলো সাড়ে ১৭ হাজার টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ১৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এ নিয়ে টানা ৭ দফা স্বর্ণের দাম কমালো ব্যবসায়ী সংগঠনটি।

এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। 

বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এছাড়া২১ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা। ১৮ ক্যারেটের ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে গতকাল ১৮ নভেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। তার আগে ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।

ফলে সাত দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হলো ১৭ হাজার ৫৫৪ টাকা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি