ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬

হজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ১৩ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

পবিত্র হজ পালনের জন্য নির্দিষ্ট ‘হজ ভিসা’ ব্যতীত অন্য কোনো ভিসাকে বৈধ বলে গণ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরব।  

রোববার (১২ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র বৈধ উপায় হলো হজ ভিসা। 

এর ফলে ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা নিয়ে যারা সৌদি আরবে অবস্থান করবেন, তারা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। 

সৌদিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন হলেও তাদেরও ‘নুসুক’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে হবে।

সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হজের সময় ভিজিট বা টুরিস্ট ভিসাধারীদের হজ পালনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, সব ধরনের অফিশিয়াল বুকিং বা রিজার্ভেশন শুধুমাত্র অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমেই সম্পন্ন করতে হবে। 

কোনো ধরনের অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে হজের বুকিং না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে মন্ত্রণালয়। 

প্রতি বছর হজের মৌসুমে একদল অসাধু চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অবৈধভাবে হজে পাঠানোর প্রলোভন দেখায়, যা কঠোরভাবে দমন করতেই এবার এই আগাম সতর্কতা জারি করা হয়েছে।

সৌদি আরবের নতুন এই নির্দেশনা অনুযায়ী, বিদেশি হজযাত্রীদের জন্য নির্ধারিত বিশেষ ভিসা থাকা বাধ্যতামূলক। এর ব্যত্যয় ঘটলে আইনি জটিলতার পাশাপাশি হজের আনুষ্ঠানিকতা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি রয়েছে। 

সৌদিতে অবস্থানরত প্রবাসীদেরও নির্ধারিত অ্যাপের মাধ্যমে বুকিং নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। 

সূত্র: সৌদি গেজেট

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি