ঢাকা, রবিবার   ১১ অক্টোবর ২০২৬

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

আফগানিস্তান তীব্র লড়ায়ে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে আফগানদের চমকে দিলেন হাসান মাহমুদ।

৮৩তম ওভারে প্রথম দুটি বলে ডট দিলেন। তৃতীয় বলে সময়মতো ব্যাট চালাতে পারেননি ইসমত আলম। বল গিয়ে অফস্টাম্পে আঘাত করে উপড়ে ফেলল।

দ্বিতীয় নতুন বল পেয়ে সুযোগের সদ্ব্যবহার করতে ভোলেননি হাসান। নতুন ব্যাটার কাইস আহমেদ ব্যাট না চালিয়ে পারেননি। তার ব্যাট ছুঁয়ে বল নিচে নামছিল। ডানদিকে হাত বাড়িয়ে মাটির কয়েক ইঞ্চি উপরে গ্লাভসবন্দি করলেন বল।

হ্যাটট্রিকের সুযোগ হাসানের সামনে। বাংলাদেশি পেসার ক্যাচের আবেদন করেন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সতীর্থদের সঙ্গে আলোচনা করে রিভিউয়ের সিদ্ধান্ত নেন। আল্ট্রাএজে বল ব্যাট অতিক্রম করার সময় স্পাইক ধরা পড়েনি। পরবর্তী পদক্ষেপে বল ট্র্যাকিংয়ে টিভি আম্পায়ার এলবিডব্লিউর রিভিউ দেখেন এবং যাতে দেখা গেছে প্যাডে না লাগলে অফস্টাম্পে বল আঘাত করত, তাই আউটের সিদ্ধান্ত জানান।

তাতে বাংলাদেশের প্রথম ফাস্ট বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন হাসান। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে তিনি পরপর তিন বলে উইকেট পেলেন। বোল্ড, ক্যাচ ও এলবিডব্লিউ- পারফেক্ট হ্যাটট্রিকই করলেন হাসান।

২০০৩ সালে অলক কাপালি পাকিস্তানের বিপক্ষে পেশাওয়ারে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেছিলেন। তার ১০ বছর পর চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন সোহাগ গাজী। দুজনেই ছিলেন স্পিনার, আর এবার প্রথম  কোনো পেসারের কাছ থেকে হ্যাটট্রিক দেখল বাংলাদেশ।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি