১৩ দিন ধরে দোহারের দুই যুবক নিখোঁজ
প্রকাশিত : ১৫:০৩, ২ মে ২০২১
সাইদুল মৃধা
ঢাকার দোহার উপজেলায় বাড়ি থেকে এক সঙ্গে বের হয়ে দুই যুবক ১৩ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় ডায়েরী করেছে স্বজনরা। এ তথ্য নিশ্চিত করেন দোহার থানার এসআই আক্কাস মিয়া।
রোববার (২ মে) দুপুরে এসআই আক্কাস মিয়া জানান, উপজেলার ঘাটা এলাকার মৃত বাবুল মৃধা ও রাজিয়া বেগম দম্পতির ছেলে সাইদুল মৃধা (২৬) ও তার প্রতিবেশি সোহেল (২৬) গত ২০ এপ্রিল (মঙ্গলবার) বাড়ি থেকে একসঙ্গে বের হয়ে নিখোঁজ হয়। তারা ঘনিষ্ট বন্ধু বলে জানা যায়।
ছেলে নিখোঁজের তিনদিন পর সাইদুলের মা রাজিয়া দোহার থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নং-৮১২, তাং-২৩/০৪/২১ বলেন এসআই আক্কাস।
এসআই আক্কাস আরও জানান, থানায় জিডির পর পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের শেষ অবস্থান মুন্সীগঞ্জের মাওয়ায় পাওয়া গেছে। এরপর তাদের মোবাইল বন্ধ পাওয়ায় তাদের অবস্থান আর শনাক্ত করা যায়নি।
ইতোমধ্যে তাদের সন্ধানে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে। এ নিখোঁজের ঘটনায় সাইদুলের মা থানায় জিডি করলেও সোহেলের পরিবার এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে নিখোঁজ সাইদুলের মা রাজিয়া বেগম জানান, গত ২০ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টার দিকে প্রতিবেশি সোহেল আমাদের বাড়িতে এসে আমার ছেলে সাইদুলকে জানায় কাজীরচর এলাকার সাজ্জাদ নামে এক ব্যক্তি তাদেরকে দেখা করতে বলেছেন। এ কথা শুনে সাইদুল সঙ্গে সঙ্গে সোহেলকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সেদিন সন্ধ্যা ৭টার দিকে সাইদুল ফোনে আমাকে জানায় সে মাওয়া আছে। আজ রাতে ফিরবো না কাল সকালে বাসায় ফিরবো।
তিনি আরও জানান, পরের দিন সকালে আমি ছেলের সাথে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করলেও তার মোবাইলে বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ২৩ এপ্রিল (শুক্রবার) দোহার থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী (জিডি) করি।
ছেলের দ্রুত সন্ধান চেয়ে রাজিয়া বেগম বলেন, এ ঘটনায় আমাদের প্রতিবেশী সোহেলও নিখোঁজ রয়েছে।
এএইচ/
আরও পড়ুন










