ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

১৫ টাকার খাজনা ১শ’ টাকা! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

পিরোজপুরের কাউখালিতে বাজারের খাজনা উত্তোলন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। করোনার মধ্যে অতিরিক্ত খাজনা দিতে হিমশিম খাচ্ছেন এখানকার ব্যবসায়ীরা। এমনকি চাহিদামত খাজনা না দিলে মারধরের শিকারও হচ্ছেন তারা। আর ইজারাদার টাকা নিয়ে দিচ্ছেন না খাজনা আদায়ের কোন রশিদ।

এ নিয়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা নানা অভিযোগ তুলেও পাচ্ছেন না কোন প্রতিকার। ফলে হাট ইজারাদারের কবলে পড়ে হারাতে বসেছে কাউখালীর ঐতিহ্য।

ভুক্তভোগিরা জানান, খুচরা ব্যাপারীরা গ্রামের বাড়িতে থেকে গাছ কিনে টমটমে ভরে মিলে নিয়ে আসে কাটাতে। ওই গাছওয়ালা ও ব্যাপারী থেকে খাজনা নিয়ে আসে ইজারাদার। শুধু টাকা চায়, আর যার কাছ থেকে যা নিয়ে পারে। ১৫ টাকার খাজনা এখন চায় ১শ’ টাকা।

সরকারি নিয়ম অনুযায়ী মাছ ও সবজিসহ অন্যান্য দোকান প্রতি খাজনা আদায়ের কথা ৭ টাকা করে। কিন্তু প্রতি দোকান থেকে নেয়া হচ্ছে ৭০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। চাহিদা মতো খাজনা না দেয়ায় মারধোরের শিকার হয়েছেন এমন অভিযোগ করেছেন অনেকেই। বাজারের ব্যবসায়ীদের দেয়া হয় না খাজনা আদায়ের রশিদ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, খুচরা বিক্রেতা ছাড়াও পাইকারের কাছ থেকে খাজনা নেয়া হচ্ছে এবং নিজস্ব দোকানে বসে পাইকারী বিক্রি করলেও খাজনা দিতে হয়। না দিলে বহু হুমকি-ধামকি ও বহু কিছু বলে। এভাবেই অত্যাচার-জুলুম চলছে এখানে।

এসব অভিযোগ অস্বীকার করে ইজারাদার বলছেন, সরকারি নিয়ম মেনেই হাট নিয়ন্ত্রণ করছেন তারা।

কাউখালী হাট-বাজারের ইজারাদার শাহ আলম নসু বলেন, শতকরা ৫ টাকা হার কিন্তু সেভাবে দেয় না। কেউ কেউ এর অর্ধেক বা তার চেয়েও কম দেয়। হিসাবে তারা কম দিয়ে যাচ্ছে, বেশি তো দেয়ই না।

অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার বললেন, খুব শিগগিরি সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে।

কাউখালি উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখা জানালেন, ইজারা দেয়ার পর থেকেই বেশ কিছু অভিযোগ আমার কাছে আসছে। 

সেগুলো আমি তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করেছি। যে কোন অভিযোগ আসলে সেটি আইনগতভাবে সমাধানের চেষ্টা করবো।

তবে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবি ভূক্তভোগীদের।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি