ঢাকা, সোমবার   ২৩ নভেম্বর ২০২৬

৯১ রানেই অলআউট বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৫, ২৩ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বৃষ্টির বাধায় সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের প্রায় পৌনে চার ঘণ্টা পর শুরু হয়। মেঘলা আকাশ ও ভেজা কন্ডিশনে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপে পড়ে টাইগাররা।

কন্ডিশন বোলারদের পক্ষে থাকলেও বাংলাদেশি ব্যাটারদের এমন অসহায় আত্মসমর্পণ ছিল অপ্রত্যাশিত। পুরো ইনিংসে দলের কোনো ব্যাটারই ত্রিশের ঘর স্পর্শ করতে পারেননি, ফলে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ক্রিজে থিতু হওয়ার আগেই মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩ রানে বিদায় নেন। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানোর পর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৪০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করে তিনি অ্যানরিখ নরকিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

নরকিয়ার করা সেই একই ওভারে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। আগের টেস্টের দুই ইনিংসে ১২ ও ১১ রান করা টাইগার দলপতি এবারও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি, আউট হয়েছেন মাত্র ৪ রানে। এরপর অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক টেস্ট মেজাজে খেলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ৫১ বলে ১৮ রান করে উইয়ান মুল্ডারের বলে বোল্ড হলে ৬০ রানেই ৪ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ।

টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারেও হাল ধরতে পারেননি কেউ। আগের ম্যাচের দুই সফল ব্যাটার লিটন দাস (৮) ও তাওহীদ হৃদয় (১৯) এদিন দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি। এছাড়া দলে ফেরা জাকের আলী অনিক ২০ বল মোকাবিলা করে মাত্র ১ রান করে কাগিসো রাবাদার গতিতে এলবিডব্লিউ হন।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা এবং মার্কো ইয়ানসেন ৩টি করে উইকেট দখল করেন। এছাড়া অ্যানরিখ নরকিয়া শিকার করেন ২টি উইকেট।


এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি