ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির বিরুদ্ধে দেবরকে হত্যার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ১৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাবির দায়ের কোপে সুমন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে ওই যুবক খুন হন।

নিহত মোহাম্মদ সুমন মিয়া (৩০) ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সুমনের তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তাদের বাড়িতে আসেন। তারা বাড়ির রাস্তায় মোটরসাইকেল রাখলে এ নিয়ে সুমনের চাচাতো ভাই সাত্তার মিয়ার স্ত্রী রুমানা বেগম আপত্তি জানান। এ সময় সুমনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে সুমনের বন্ধুরা মোটরসাইকেল সরিয়ে নিয়ে চলে যান।

পরবর্তী সময়ে এ বিষয় নিয়ে সুমনের মা ও রুমানা বেগমের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন সেখানে গেলে তাদের মধ্যে আরও উত্তেজনা তৈরি হয়।

অভিযোগ উঠেছে, এ সময় রুমানা ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা এনে সুমনের ওপর হামলা চালান। এতে সুমন গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ‘দায়ের কোপে সুমনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুমানা বেগমকে গ্রেপ্তারে পুলিশের দুটি দল কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি