ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬

ফরিদপুরে জমি-সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৩, ২৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের বোয়ালমারীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. গোলাম কবির (৭২)-এর বিরুদ্ধে।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু মোল্লা (৫৭) একই গ্রামের মৃত ইছাহাক মাস্টারের ছেলে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে মারধর করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তার ব্যবহৃত গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইছাহাক মাস্টারের ছয় ছেলে ও এক মেয়ে। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. গোলাম কবির বড় এবং নিহত মিন্টু মোল্লা পঞ্চম। ভাইদের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে।

ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশের একটি গাছ কাটতে গেলে গোলাম কবির সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে গোলাম কবির মিন্টুকে রেলগেট এলাকায় ডেকে নিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার ব্যবহৃত অস্ত্র জব্দের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জমি-সংক্রান্ত বিরোধ ছাড়াও অন্য কোনো কারণ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি