ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬

পূর্বাচলে ফের সক্রিয় ঘোড়া জবাই চক্র

র‍্যাবের অভিযানে ১২টি জীবিত ঘোড়া উদ্ধার, বিপুল মাংস জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ২৭ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও সক্রিয় হয়ে উঠেছে পূর্বাচল উপশহরের ঘোড়া জবাই চক্র। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নির্জন প্লটে গভীর রাতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কে একটি বাউন্ডারিঘেরা প্লটে অভিযান চালায় র‍্যাব। এ সময় প্লট থেকে একটি বাচ্চাসহ মোট ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। একইসঙ্গে জবাইকৃত ৯টি ঘোড়ার মাংস জব্দ করা হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে সকালে আশপাশের আরও কয়েকটি প্লটে অভিযান চালিয়ে বস্তাভর্তি ও খোলা জায়গায় পড়ে থাকা অন্তত ১৬টি ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। এছাড়া বিপুল পরিমাণ ঘোড়ার হাড়ও জব্দ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পূর্বাচলের অরক্ষিত ও নির্জন প্লটগুলো ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত ঘোড়া জবাই করে আসছিল। এসব মাংস রাজধানী ঢাকাসহ নরসিংদী, গাজীপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করা হচ্ছিল বলে দাবি তাদের।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে র‍্যাব জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর // 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি