যোগদানের ৪ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার
প্রকাশিত : ১৭:৩৭, ২৯ মার্চ ২০২৬
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে যোগদানের মাত্র চার দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (২৯ মার্চ) সকালে ওসিকে প্রত্যাহারের বিষয়টি জানা যায়। এর আগে, শনিবার (২৮ মার্চ) রাতে জরুরি এক চিঠিতে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
জানা গেছে, শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গত মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দায়িত্বপালন শুরু করেন আমির হোসেন সেরনিয়াবাত। দায়িত্ব গ্রহণের মাত্র চার মধ্যেই তাকে ক্লোজড করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে প্রত্যাহারের কারণ জানা যায়নি।
এর আগে তিনি শিবচর থানায় উপ-পরিদর্শক ও পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: সালাহ উদ্দীন কাদের বলেন, ‘ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই তাকে বদলি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই অন্য একজন যোগদান করবেন।’
এমআর//
আরও পড়ুন










