ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলার একটি বাসা থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের স্টাফ শ্রাবণ পালের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাপটিকে বন বিভাগের মাধ্যমে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

জানা যায়, শ্রাবণ পালের বাসায় পরিবারের সদস্যরা হঠাৎ একটি সাপ দেখতে পান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদের খবর দেওয়া হয়। সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, উদ্ধারকৃত কালনাগিনী সাপটি অক্ষত ও নির্বিষ। ফাউন্ডেশনের মাধ্যমে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে তা অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, কালনাগিনী সাপ বর্তমানে খুব একটা দেখা যায় না। এটি মূলত বনাঞ্চলে বসবাস করে এবং এ সাপকে ঘিরে নানা লোককাহিনী ও পৌরাণিক বিশ্বাস প্রচলিত রয়েছে।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি