ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬

পাবনায় যৌথ অভিযান: ৪ অস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫০, ১২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

পাবনা সদর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পাবনা সদরের হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১০ এর ফরিদপুর ও লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল, র‌্যাব-১২ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন— আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামাণিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)।

র‌্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। পরে আকস্মিক অভিযানে আসামিদের কাছ থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২টি শুটার গান, ১টি রিভলভার এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, এ ধরনের অভিযান বাহিনীর গোয়েন্দা তৎপরতা ও সময়োপযোগী পদক্ষেপের অংশ। সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১০ এর মিডিয়া শাখা জানিয়েছে, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে র‌্যাব সর্বদা তৎপর। পাশাপাশি অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি