ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬

বিএনপি থেকে সেই বাবা-ছেলেকে বহিষ্কার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫০, ১৫ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বাবা ও ছেলেকে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিএনপি কেন্দ্রে কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কারকৃতরা হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জামিরদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকা মিয়া এবং তাঁর ছেলে সাবেক ছাত্রনেতা ও বিএনপিকর্মী তোফায়েল আহমেদ রানা। 

তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় দলীয় সূত্র জানায়, ঝুট ব্যবসা নিয়ে উপজেলা বিএনপির সদস্য মো. খোকা মিয়া এবং তার ছেলে বিএনপিকর্মী মো. তোফায়েল আহাম্মেদ রানার মাঝে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সামাজিক সালিস বৈঠক হলেও বিষয়টি সুরাহা হয়নি। বাবা খোকা মিয়ার কারণে বাড়ির সামনে নিজের অফিসে বসতে পারছিলেন না ছেলে তোফায়েল। 

গত রোববার (১২ এপ্রিল) দুপুরের দিকে তোফায়েল তার লোকজন নিয়ে তার অফিস খুলে বসেন। ওই সময় বাবা-ছেলে পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি এবং কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে। এসময় অনেকে আহত হন।

খোকা মিয়ার দাবি, ঘটনার সময় তার ছেলে তোফায়েল আহাম্মেদ রানা তাকে দুই রাউন্ড গুলি করেছে। ছেলের গুলিতে তিনি আহত হয়েছেন।

তাদের বহিষ্কার বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ জানান, এ বিষয়ে এখনো তার কিছু জানা নেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি