ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬

অনলাইনে কবিরাজির নামে প্রতারণা, চক্রের মূলহোতা কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৬, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৪৯, ১৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা কনটেন্ট ক্রিয়েটর মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পংকজ দত্ত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শেরপুর জেলার এক কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে টিকটকের মাধ্যমে ‘খুরশেদ কবিরাজ’ নামধারী এক ব্যক্তির পরিচয় হয়। পরে ইমো অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ওই কিশোরীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

সমস্যার সমাধান না হওয়ায় গত ১০ মার্চ ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে কৌশলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ আরও ১ লাখ টাকা নেয় তারা।

ঘটনা জানার পর ভুক্তভোগী কিশোরীর বাবা গত ১৭ মার্চ শেরপুর সদর থানায় মামলা করেন। পরে পিবিআই মামলার তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে।

পিবিআই জানায়, গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমসি বাজার এলাকা থেকে জামালপুর সদর উপজেলার চান্দাপাড়া এলাকার মোস্তফার ছেলে মুছা মিয়া ও মৃত নবাব আলীর ছেলে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৫ এপ্রিল ময়মনসিংহের মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে চক্রের মূলহোতা মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুর সদর উপজেলার মৃত মজিবুর রহমানের ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে তার বাড়ির পাশের বাগানের মাটি খুঁড়ে প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা।

পিবিআই জানায়, ‘খুরশেদ কবিরাজ’ নামের আড়ালে এই চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তার মনির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি