ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬

ধর্ম অবমাননা ও প্রতারণার অভিযোগে প্রদীপ পাল গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৪, ১৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে প্রতারণা, আইডি হ্যাকিং এবং ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে প্রদীপ পাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ ও র‍্যাব-১১-এর একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত প্রদীপ পালের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার জালালচর গ্রামে। তার বাবার নাম যদুরাম পাল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি মেমরি কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রদীপ পাল দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলতেন। এমনকি অনেকের আইডি হ্যাক করে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর ছবি ও বক্তব্য পোস্ট করতেন। এর মাধ্যমে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করতেন।

গত ২৫ মার্চ ২০২৬ সালে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় এক ভুক্তভোগী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন (মামলা নং-১৭)। মামলাটি বর্তমানে পিবিআই, ফরিদপুর তদন্ত করছে।

সর্বশেষ গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে ফরিদপুরের আলফাডাঙ্গার শংকর কুমার পালের নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে র‍্যাব-১০-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার শুক্লা রায় জানান, তদন্তকারী কর্মকর্তার চাহিদার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সাইবার অপরাধ, চাঁদাবাজি, হত্যা ও প্রতারণাসহ যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি বলবৎ রয়েছে। জননিরাপত্তা রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব সর্বদা তৎপর।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি