অস্ত্রসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত সামাদ মোল্লা আটক
প্রকাশিত : ১৪:০৪, ২১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে দস্যু দমনে চলছে কোস্টগার্ডের বিশেষ অভিযান অপারেশন ম্যানগ্রোভ শীল্ড। এর অংশ হিসেবে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়েছে।
পরবর্তীতে মোঃ আব্দুস সামাদ মোল্লার দেওয়া তথ্য অনুযায়ী, থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিসিজিএস মনসুর আলী‘র নেভিগেটিং কর্মকর্তা লেঃ কমান্ডার জামিলুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে বনদস্যু মোঃ আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আটককৃত ডাকাত মোঃ আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিল।
এএইচ
আরও পড়ুন










