ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৭, ২৩ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। তার মা লিজা আক্তার প্রবাসে এবং বাবা বরিশালে বসবাস করেন। তিনি নানীর সঙ্গে ওই বাসায় থাকতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে নাহিদা নিজ ঘরে পড়াশোনা করছিল। এ সময় তার নানী দুধ আনতে বাইরে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে তিনি নাহিদাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। নাহিদার গলায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরে তাকে দ্রুত উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি