ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

প্রেমিককে কুপিয়ে আহতের জেরে প্রেমিকার বাড়ি-ঘরে আগুন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪১, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:২০, ২৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

নরসিংদীতে সাজ্জাত হোসেন নামের এক প্রেমিক যুবককে প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকা, তার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছে প্রেমিকের স্বজনরা।

রোববার (২৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদীর খরমুদ্দি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত প্রেমিক সাজ্জাদ হোসেন (২২) পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। ঘটনার পর তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত প্রেমিকের স্বজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই খরমুদ্দি এলাকার যুবক সাজ্জাদের সাথে একই এলাকার আমির হোসেনের কন্যা ফারজানা আক্তারের (১৭) সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ফারজানা সাজ্জাদের সাথে পালিয়ে গেলে ফারজানার পরিবার সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। 

এরপর রোববার সকালেও মেয়ে পুনরায় প্রেমিকের কাছে চলে গেলে প্রেমিকার ভাই, চাচাসহ কতিপয় লোকজন এলাকায় গিয়ে যুবক সাজ্জাদকে এলোপাতারি কুপিয়ে গুরুতর যখম করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।  

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়ার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের পরিবারের লোকজন প্রেমিকার নিজ বাড়ি, তার চাচা ও ফুফুসহ চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় পরিবারের অন্যান্য লোকজন ছুটোছুটি করে আত্মরক্ষা করে। 

ফায়ার সার্ভিসের লোকজনকে বাঁধা দেওয়ায় পুরোপুরি পুরে ছাই হয়ে যায় ঘরের আসবাপত্রসহ যাবতীয় সরঞ্জাম।

মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: রায়হান জানান, খবর পেলেও স্থানীয় লোকজনের বাঁধায় অগ্নিনির্বাপন কাজে অংশ নিতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, প্রেমিক-প্রেমিকা সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। এরই জেরে মাধবদীস্থ প্রেমিকা বাড়ি-ঘরে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখার পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ করছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি