ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

ফের রাউজানে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৮, ২৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

একদিনের ব্যবধানে ফের চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন নাছির উদ্দীন নামে এক যুবদল কর্মী। 

রোববার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এর আগে রাত সাড়ে ১০টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমশের পাড়া গ্রামের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় নাছিরকে গুলি করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত নাছির উদ্দীন একই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। তার কোনো পদ-পদবীতে না থাকলেও স্থানীয়রা জানায়, তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ নাছির উদ্দীনকে হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তবে নিহত নাছির উদ্দীনের বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে থানায়। 

এর আগে গত ২৫ এপ্রিল রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা এলাকায় ব্রিকফিল্ডের পাশের সড়কে পূর্ব শত্রুতার জেরে কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যা করা দুর্বৃত্তরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি