ঢাকা, সোমবার   ২২ জুন ২০২৬

নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে অবরুদ্ধ সেই সার্জেন্ট জাহাঙ্গীর ক্লোজ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১০:০১, ২২ জুন ২০২৬ | আপডেট: ১০:০২, ২২ জুন ২০২৬

Ekushey Television Ltd.

গাইবান্ধায় নারী কেলেঙ্কারির অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

পলাশবাড়ীতে এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আপত্তিকর পরিস্থিতিতে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

গত ১৭ জুন রাতের একটি ঘটনায় শুক্রবার (১৯ জুন) তাকে ক্লোজ করা হয়।

স্থানীয় ও ট্রাফিক বিভাগ জানান, সম্প্রতি ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে ফেসবুকে কনটেন্ট বানাচ্ছিলেন সার্জেন্ট জাহাঙ্গীর। এর সূত্র ধরে নিঝুম নামের এক নারী কন্টেন্ট ক্রিয়েটরের সাথে তার সখ্যতা তৈরি হয়। গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় নিঝুম নামের ওই নারী কনটেন্ট ক্রিয়েটরসহ জাহাঙ্গীর স্থানীয়দের হাতে অবরুদ্ধ হয়েছিলেন বলে অভিযোগ উঠে।

সেই রাতে ওই বাসায় সার্জেন্ট জাহাঙ্গীর ও নিঝুমের অবস্থান টের পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘিরে ফেলেন এবং তাদের বের হতে বাধা দেন।

এসব বিষয় ঘটনার দিন প্রকাশ না পেলেও গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরবভাবে ঘুরে বেড়াচ্ছে। এরপরেই তাকে ক্লোজ করে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ।

এ বিষয়ে গাইবান্ধা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বলেন, পলাশবাড়ির ওই ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সাথে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বিভাগ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি