ঢাকা, মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৯, ১৪ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার একটি মহিলা কলেজে কর্মরত থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে জেলা শাখার নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন শহর জামায়াতের আমির এনামুল হক।

সোমবার (১৩ জুলাই) রাতে জেলা জামায়াতের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো পুরুষ সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকন) সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে পারবেন না। এ নীতির আলোকে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দিয়ে এনামুল হককে নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা রুকন বা কোনো দায়িত্বশীল পদে থাকতে পারেন না। কেন্দ্রীয় কমিটি সারা দেশের রুকনদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে। সে কারণেই তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে তাঁর কোনো ক্ষোভ বা কষ্ট নেই।

তিনি আরও জানান, জেলা জামায়াতের সেক্রেটারি হওয়ার আগেই তিনি বাগোয়ান ড. ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। সে সময় গঠনতন্ত্রের এ বিধান শিথিল থাকায় তাঁর দায়িত্ব পালনে কোনো বাধা ছিল না। ভবিষ্যতে চাকরি ছাড়লে তাঁকে পুনরায় একই পদে দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

নবনিযুক্ত জেলা সেক্রেটারি এনামুল হক বলেন, ‘সর্বসম্মতিক্রমে আমাকে জেলার নতুন সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।’

জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত হওয়ায় সারা দেশে সাতজন দায়িত্বশীল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই কুষ্টিয়ায় এ পরিবর্তন আনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে এনামুল হককে জেলা সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি