ঢাকা, বুধবার   ১৫ জুলাই ২০২৬

নবজাতক শিশুর পা মুচড়ে পালালেন চাচী, গ্রেপ্তার ২

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১১, ১৫ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

নরসিংদীতে আপন চাচী কর্তৃক ২ মাসের শিশুর উপর অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন। 

এতে শিশুটির চাচী অভিযুক্ত লতা বেগমের পাশাপাশি তার স্বামী কাউছার আহমেদ এবং লতার পিতা আলমাছ মিয়াকে আসামী করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই লতা বেগমের স্বামী কাউছার আহমেদ এবং পিতা আলমাছ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুই জা’র পারিবারিক কলোহের জেরে ২ মাসের শিশুর উপর অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ফলে বিষয়টি নিয়ে নেতিবাচক প্রভাব পড়ে বিভিন্ন মহলে। 

ভিডিওতে দেখা যায়, ২ মাসের শিশু রিজিককে খাটে শুয়িয়ে রেখে এক মুহূর্তের জন্য বাইরে যান মা সাইফা বেগম। এর মধ্যেই এক নারী এসে শিশুটির পায়ে স্বজোড়ে মুচড়ে দিয়ে রুম ত্যাগ করেন। 

শিশুটি সদর উপজেলার পাইকারদী গ্রামের জহিরুল হক ও গৃহবধূ সাইফা বেগমের দ্বিতীয় ছেলে সন্তান রিজিক (২ মাস)। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। এরপর বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণে কাজ শুরু করে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত লতার স্বামী ও পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের দুইজনকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। 

তাছাড়া একই দিনে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তুচ্ছ ঘটনায় দুই জায়ের কথাকাটাকাটি নিয়ে কিছুটা মনমালিন্য ছিল। হয়তো সেই ক্ষোভ থেকেই আপন চাচী এটি করেছে। 

পারিবারিকভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হলেও ভিডিও ভাইরাল হওয়ায় সেটি আইন-আদালত পর্যন্ত গড়ালো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি