ঢাকা, মঙ্গলবার   ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় পিটিয়ে ‎স্ত্রীর হাত-পা ভাঙল পাষণ্ড স্বামী

‎লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:১২, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৫৭, ২০ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

‎বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে নিষেধ করায় মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধুকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

সোমবার (২০ জুলাই) এ ঘটনার ২ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। 

অভিযুক্ত স্বামী জহিরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। 

‎এর আগে রোববার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া ওয়াপদা টেক এলাকায় এঘটনা ঘটে। জহিরুল ব্রম্মপাড়া ছাড়া বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।

‎ভাইরাল ২ মিনিটের ভিডিওতে দেখা যায়, মারধরের পর 'ও বাবা, ও বাবা' বলে চিৎকার দিয়ে কান্নাকাটি করছে গৃহবধূ মরিয়ম। কখনো বিছানায় এবং আবার কখনো মেঝেতে শুয়ে কাতরাচ্ছে সে। এ সময় স্বামী জহিরুল বিছানার উপর বসে বকাবাধ্য করছে। পাশেই ৫ মাসের শিশু পড়ে ছিল। 

এসময় কান্নারত মরিয়ম তার উপর পাশ্ববিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন।

স্থানীয় ও প্রতক্ষদশীরা জানায়, বিগত ২ বছর পূর্বে চট্টগ্রামের মরিয়মকে বিয়ের পর রামগঞ্জে নিয়ে আসে জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে ঘর করে সংসার পাতে তারা। তাদের পরিবারে ৫ মাসের শিশু সন্তান রয়েছে। মরিয়মের আত্মীয়-স্বজন না থাকায় জহিরুল প্রায়ই গৃহবধূ মরিয়মের উপর নির্যাতন চালাতো। 

ঘরে ছোট্ট শিশু সন্তান থাকায় রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যেতে বারণ করেন মরিয়ম। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে স্ত্রী মরিয়মের হাত-পা ভেঙ্গে দেয়। 

এসময় তার কান্নাকাটি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে পালিয়ে যায় স্বামী জহিরুল। সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং মাদকসেবী বলেও জানান স্থানীয়রা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা। 

এব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি