ঢাকা, শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:১৮, ২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার ৭ জন যাত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস আকুয়া বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে সরাসরি চাপা দেয়। বাসের ধাক্কায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সব যাত্রী প্রাণ হারান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার পর বাইপাস সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি