ঢাকা, শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬

খুবিতে মাদকসহ ৩ শিক্ষার্থী আটক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে মাদকদ্রব্যসহ (গাঁজা) আটকের পর সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শাস্তিস্বরূপ তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের কাজী রিয়াজুস ছলেহীন, এস এম তৌফিক আলম এবং মো. মুশফিক উল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল কার্যক্রমের সময় ৪ নম্বর একাডেমিক ভবন থেকে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে মাদকদ্রব্য পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন জানান, নিয়মিত টহল দেওয়ার সময় তিন শিক্ষার্থীকে মাদকসহ আটক করা হয়। ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি