ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

বাবার বাড়ি ফেরা হলো না গার্মেন্ট কর্মীর

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০২, ২২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:০৬, ২২ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে আসা মঞ্জু বেগম নামে এক গার্মেন্ট কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝমাড়ী ইউনিয়নের কাশমিয়া বিলের নির্জন কাঁচা রাস্তার ওপর। নিহত মঞ্জু বেগম একই ইউনিয়নের কুশরডাঙ্গী গ্রামের মানিক মন্ডলের মেয়ে।

স্বজনরা জানিয়েছেন, রাজধানীর একটি গার্মেন্টে চাকরি করতেন মঞ্জু বেগম। তিন দিন আগে ছুটি নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি জেলার পাংশা উপজেলা এলাকায় থাকা বোনের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বিকালে তিনি তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তবে তিনি আর বাবার বাড়ি ফিরে যেতে পারেন নি। 

আজ সোমবার সকালে স্থানীয় কৃষকরা কাশমিয়া বিলের মাঠে যাবার পথে ওই রাস্তার ওপর মঞ্জু বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন, অজ্ঞাত ব্যক্তিরা মঞ্জু বেগমকে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে রেখে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি