ঢাকা, সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ওয়ালটন হাই-টেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:১৫, ১৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৫-২৬ হিসাব বছরের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পরিশোধ করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার মাত্র এক দিন পরেই এ লভ্যাংশ পরিশোধ করা হয়। এর মধ্য দিয়ে বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৮ অক্টোবর) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ২০২৫-২৬ হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভার পরদিনই শেয়ারহোল্ডারদের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশের অর্থ পাঠানো হয়।

কোম্পানিটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস বলেন, প্রযুক্তিগত উৎকর্ষ, প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা ও পরিচালনগত গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি শক্তিশালী তারল্য অবস্থান বজায় রাখার ফলে স্বল্পতম সময়ে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পরিশোধ করা সম্ভব হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের পুঁজিবাজারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ওয়ালটন।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরের জন্য ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১৮ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন। পাশাপাশি প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা।

অনুমোদিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরে ওয়ালটন হাই-টেকের মুনাফা হয়েছে ১ হাজার ১২৪ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৯৪ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির মুনাফা ছিল ১ হাজার ৩৬ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৩৬৩ টাকা।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৩১ টাকা ১১ পয়সা।

পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা। অন্যদিকে, পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮০ টাকা ২৪ পয়সা। কোম্পানিটির মোট নিট সম্পদের পরিমাণ ১২ হাজার ৭০৪ কোটি টাকা।

এদিকে, অনুমোদিত ১০ শতাংশ স্টক লভ্যাংশ থেকে সৃষ্ট শেয়ার কোম্পানির চলমান নিউ এনার্জি ব্যবসার সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং অন্যান্য আধুনিকায়ন ও সম্প্রসারণমূলক (বিএমআরই) কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ স্টক লভ্যাংশ সম্পূর্ণভাবে রিটেইনড আর্নিংস থেকে প্রদান করা হবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি