ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ) সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কার আদেশ অনুমোদন করেছেন।

বহিষ্কৃতদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তীকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় সংসদের এক অফিসিয়াল বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে একদল নেতাকর্মীর হামলায় চারজন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক আগামীর সময়, দ্য ডেইলি স্টার এবং দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা রয়েছেন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি