আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা
প্রকাশিত : ১৬:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতার শ্বশুরবাড়ির পক্ষ থেকে সংবাদমাধ্যমে এই ঘটনা নিশ্চিত করা হয়েছে।
জানা যায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে বাসায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তবে ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশের বাইরে, নেপালে অবস্থান করছিলেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে আলভী লেখেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আ'ত্ম'হ'ত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”
তিনি আরও লেখেন, “শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।”
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারের মধ্যে।
২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি সন্তান রয়েছে।
এএইচ










