শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল
প্রকাশিত : ১২:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। অভিযোগ গঠনের শুনানিও পিছিয়েছে আদালত। শুনানি শেষে তানজিন তিশা বলেন, তিনি কোন অপরাধ করেননি। আদালতের প্রতি শ্রদ্ধাশীল ও ন্যায় বিচারের প্রত্যাশা করেন অভিনেত্রী।
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন অভিনেত্রী তানজিন তিশা।
শুনানি শেষে আদালত তার জামিন বর্ধিত করেন। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানি পেছাতে আসামিপক্ষের আবেদনও মঞ্জুর করা হয়। তবে পরবর্তী তারিখ জানানো হয়নি।
শুনানিতে বাদীপক্ষ অভিযোগ করে, জামিনে থাকার সময় তিশা তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিষ্ঠান ও আইনজীবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। বিচারক অভিযোগটি পিটিশন আকারে দিতে বলেন।
শুনানি শেষে আদালতে সাংবাদিকদের তানজিন তিশা বলেন, বিশ্বাসভঙ্গ ও প্রতারণা অপরাধ তিনি করেননি। আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তার প্রত্যাশা আদালতে ন্যায় বিচার পাবেন।
এ মামলায় অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ এখনো নির্ধারণ করেনি আদালত।
প্রতারণার মামলায় গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিশা। তার আগে গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল।
মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা।
এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজের অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলাটি করেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন জমা দেন পুলিশ। সেই প্রতিবেদনের আদালত আমলে গ্রহণ করে গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে তিশা এর আগে দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
এএইচ










