ঢাকা, শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬

এবার ভারতে সিইসির পদত্যাগের আলটিমেটাম দিল ‘ককরোচ পার্টি’, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে আগামী শনিবারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে দেশটির ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে দেশব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রধান অভিজিৎ দীপকে। 

সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এই তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে মুম্বাই থেকে এই আন্দোলন শুরু হবে এবং পরবর্তীতে তা পুরো ভারতে ছড়িয়ে দেওয়া হবে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ভোটার তালিকায় জালিয়াতিসংক্রান্ত এক প্রতিবেদনের জের ধরে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিজেপির পক্ষ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। ভারতের প্রধান বিরোধী দলগুলোর দীর্ঘদিনের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বাড়তি সুবিধা দিতে কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই বর্তমান কমিশন লাখ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে এবং যাচাই-বাছাই ছাড়াই নতুন ভোটার অন্তর্ভুক্ত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দীপকে লিখেছেন, "জ্ঞানেশ কুমার আগামীকালের (শনিবার) মধ্যে পদত্যাগ না করলে ২ অক্টোবর মুম্বাই থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করবে সিজেপি। পর্যায়ক্রমে এই আন্দোলন ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে দেওয়া হবে।

অভ্যন্তরীণ বিরোধ ও কংগ্রেসের বিক্ষোভগত বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে অন্তত ১৪ বার ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া নিয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা জ্ঞানেশ কুমারের সিদ্ধান্ত ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কমিশনের অন্য দুই নির্বাচন কমিশনার।

এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের পর আজ শুক্রবার ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। তারা সিইসি জ্ঞানেশ কুমারের গ্রেপ্তার, বরখাস্ত এবং তাঁর অধীনে নেওয়া সব সিদ্ধান্তের বিষয়ে একটি স্বাধীন রিভিউ বা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যের জেরে গত মে মাসে ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করে এই ব্যঙ্গাত্মক সংগঠন 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)। দেশটির বেকার যুবকদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ হিসেবে বর্ণনা করেছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। এরপর থেকেই বেকার যুবকদের অধিকার আদায়ে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয় সংগঠনটি। উল্লেখ্য, সিজেপির আগের আন্দোলনের চাপেই নজিরবিহীনভাবে মোদি সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি