ঢাকা, শনিবার   ১৮ জুলাই ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ২২:০৭, ১৭ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সোয়াল।

সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা?

এ প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগে বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে।’

অপর এক ভারতীয় সাংবাদিক দেশটিতে আটক শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামির প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করেন। 

এ প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। তিনি আরও জানান, প্রত্যর্পণের যেকোনো অনুরোধ আইনগত বিষয় ও বিচারপ্রক্রিয়া খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারকে তাগাদা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এখনও দেশটিতে অবস্থান করছেন তিনি। তার প্রত্যর্পণ নিয়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় আসা বিএনপি সরকারও তাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি