ঢাকা, শনিবার   ২৩ মে ২০২৬

রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ২৩ মে ২০২৬

Ekushey Television Ltd.

রামিসা হত্যা মামলার বিচারকার্য দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আইনজীবী আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে শনিবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৪৯২ ধারার বিধান মতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার  মামলা নং ৩৫, তারিখ ১২/০৫/২০২৬ খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ তৎসহ ২০১ পেনাল কোড রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। 

রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের স্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি