একরামুল হত্যায় ট্রাইব্যুনালে হাজির করা হলো ৩ সেনা কর্মকর্তাকে
প্রকাশিত : ১২:১২, ৭ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদীসহ তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়েছে।
এর আগে ২৫ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক এমপি আবদুর রহমান বদি এবং তিন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও কর্নেল (অব.) আনোয়ার লতিফ খানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
এদিকে একরামুল হত্যা মামলাটি ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে হস্তান্তর করতে আবেদন করেছে আসামিপক্ষ।
২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল হক। তিনি টানা ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। হত্যাকাণ্ডের পর একটি মোবাইল ফোনালাপ (অডিও ক্লিপ) ফাঁস হলে এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সারা দেশে তীব্র আলোড়ন সৃষ্টি করে।
এএইচ
আরও পড়ুন










