ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে সরকারের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ কার্যকর থাকবে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে গ্রেড-২ পদের সর্বশেষ ধাপের বেতনে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আতিকুর রহমান রুমনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি