ডাক্তারদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত : ১৯:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
স্বাস্থ্যসেবাকে নিরবিচ্ছিন্ন ও সহজলভ্য করার লক্ষ্যে চিকিৎসকদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, ‘ইতোমধ্যে সিভিল সার্জনদের সাথে জুম মিটিং করেছি। তাদের বলেছি, শুধু অফিসে বসে থাকলে চলবে না, নিয়মিত মাঠ পর্যায়ে পরিদর্শনে যেতে হবে। এছাড়া চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।’
স্বাস্থ্য খাতের শূন্যপদগুলো যাচাই করে দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে তা পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে প্রতিটি কমিউনিটি ক্লিনিক সচল করা হবে, যাতে মায়েরা সেখান থেকেই প্রাথমিক সকল স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন। এছাড়া পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতির অভাবে যেসব হাসপাতাল অচল হয়ে পড়ে আছে, সেগুলো পুনরায় সচল করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এমআর//
আরও পড়ুন










